অনলাইন ডেস্ক-
রাজধানীর ভাটারা এলাকা থেকে ‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে (পিউলি) সাভার থেকে উদ্ধার করেছে র্যাব-৪। রবিবার (২৯ জুন) দিবাগত রাতে মাহিরাকে উদ্ধার করার খবর পাওয়া যায়।
এর আগে জানা যায়, ভাটারা এলাকার বাসা থেকে পরীক্ষা দিতে বের হয়ে আর ফেরেননি এইচএসসি পরীক্ষার্থী মাহিরা। তিনি সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী।
গতকাল রবিবার রাতে র্যাব–৪–এর সিপিসি–২, সাভার শাখার একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করে বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, মাহিরা মিরপুর সরকারি বাংলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। গতকাল সকাল ৮টার দিকে তিনি পরীক্ষায় অংশ নিতে বাসা থেকে বের হন। পরীক্ষার সময় দুপুর ১টায় শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের পরও তিনি বাসায় ফেরেননি।
এতে উদ্বিগ্ন হয়ে তার পরিবার পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে গেলে কর্তৃপক্ষ জানায়, তিনি পরীক্ষাকেন্দ্রে উপস্থিতই হননি। সম্ভাব্য সব স্থানে খোঁজ করে ব্যর্থ হয়ে পরিবার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
পরবর্তীকালে র্যাবের অনুসন্ধানে জানা যায়, মাহিরাকে একটি অজ্ঞাত নারী পথের মাঝে কথার ছলে থামায়। মাহিরা জানিয়েছেন, ওই নারী কথার একপর্যায়ে তার নাকের সামনে কিছু একটা ধরলে তিনি অচেতন হয়ে পড়েন।
এরপর তার আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর নিজেকে একটি ঘরের ভেতর আবিষ্কার করেন।
র্যাব–৪ এর সিপিসি–২ সাভার টিম সম্ভাব্য অবস্থান শনাক্ত করে দ্রুত ঘটনাস্থলে যায়। কিছুক্ষণ পর মাহিরা অচেনা সেই ঘর থেকে সুকৌশলে বাইরে বেরিয়ে এলে র্যাব সদস্যরা তাকে উদ্ধার করে হেফাজতে নেন।
পরবর্তীতে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভিকটিম মাহিরাকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগের পাশাপাশি কিছু প্রশ্নও উঠেছে। চেতনা–নাশক দ্রব্য প্রয়োগ করে শিক্ষার্থী অপহরণের এই ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্কতার প্রয়োজনীয়তাই আবারও সামনে এনেছে।
Leave a Reply