কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অনুমতি ছাড়া পাহাড়ের মাটি কাটার অপরাধে আব্দুর রহিম (৭৫) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ নভেম্বর) উপজেলার বিজয়পুর ইউনিয়নের শ্রীবিদ্যা এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(খ) ধারা অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড়ের মাটি কাটার অপরাধে আব্দুর রহিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি শ্রীবিদ্যা এলাকার মৃত আব্দুল গণির ছেলে। ভ্রাম্যমাণ আদালত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করেন।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন কুমিল্লা সদর দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয়। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। এ সময় উপস্থিত ছিলেন কার্যালয়ের উচ্চমান সহকারী মো. তাজুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে কুমিল্লা সদর দক্ষিণ থানা-পুলিশ।
পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় জানিয়েছে, পাহাড় ও টিলা কাটা রোধ এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply