কুমিল্লা প্রতিনিধি
রসুলপুর রেলস্টেশন ও সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বাজি, ফুচকা ও বাসমতি চাল উদ্ধার
কুমিল্লায় পৃথক দুটি অভিযানে প্রায় এক কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ধরনের বাজি, ফুচকা ও বাসমতি চাল।
শুক্রবার (৩০ অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৯ অক্টোবর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এদিন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালমান ফার্সি এবং ১০ বিজিবির অ্যাডজুট্যান্টের নেতৃত্বে বিজিবি সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়।
পরে বিকেল ৩টা ৪০ মিনিটে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলস্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় ৪০ লাখ ৪ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল জব্দ করা হয়।
একই দিন সন্ধ্যা ৬টায় কুমিল্লা ব্যাটালিয়নের বিশেষ টহল দল পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৭ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় বাজি জব্দ করে।
দুটি অভিযানে সর্বমোট ৯৮ লাখ ৪ হাজার ১৫০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
১০ বিজিবি জানায়, জব্দ করা পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply