স্টাফ রিপোর্টার
পরিবেশ দূষণ রোধে কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ জুলাই) জেলা প্রশাসন, কুমিল্লা এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা ৬(ক) লঙ্ঘন এবং ধারা ১৫(১)-এর ক্রমিক ৪ অনুযায়ী দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়। এ সময় মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে প্রায় ৪২০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুল হক। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন।
এ সময় পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার, নমুনা সংগ্রহকারী মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Leave a Reply