কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা, ২৯ মার্চ ২০২৬ (রবিবার): কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (Border Guard Bangladesh) এর যৌথ অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ২৯ মার্চ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশ ও বিজিবি সদস্যরা কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহাপুর এলাকায় মাদক মামলার পলাতক আসামি মো. শহিদুল ইসলাম (৩৯)-কে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম আবেদ আলী (৬৮), পিতা-মৃত আজগর আলী, সাং- নয়নখাল, থানা- তারাগঞ্জ, জেলা- রংপুর বলে জানান। পরে তার আচরণ সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালিয়ে তার লুঙ্গির ভেতর থেকে একটি নীল জিপারযুক্ত প্যাকেটে রাখা ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তির দেখানো মতে পলাতক আসামি শহিদুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ পিস ব্রু কোড, ৫০ পিস ইস্কার্ফ, ৩৮ পিস অফিসার চয়েজ হুইস্কি, ১৫ পিস কিং ফিশার বিয়ার, ৩ পিস ম্যাজিক মোমেন্টস ভদকা ও ৮ পিস ব্লেন্ডার্স প্রাইড হুইস্কি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসমূহ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়।
আটক আবেদ আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, উদ্ধারকৃত মাদক ও মদ পলাতক আসামি শহিদুল ইসলামের এবং তিনি এসব ক্রয়-বিক্রয়ে সহযোগিতা করতেন।
এদিকে একই রাতে পৃথক অভিযানে কোতয়ালী মডেল থানাধীন হাউজিং এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ মো. আবুল হোসেন (৪০) এবং চাঁনপুর চৌমুহনী এলাকা থেকে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেনটেডল ট্যাবলেটসহ শামীম হোসেন (২৪)-কে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Leave a Reply