কুমিল্লার মুরাদনগরে পেশাগত দায়িত্ব পালনের সময় ৬ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলা সদরের আল্লাহু চত্ত্বরে এ ঘটনা ঘটেছে।
এ সময় ১টি মোবাইল ৩টি ক্যামেরা ভাঙচুর করা হয়। হামলায় আহতরা হলেন,
দৈনিক খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি শাহ ইমরান, স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, বার্তা ২৪ এর কুমিল্লা প্রতিনিধি মঈন নাসের খাঁন রাফি, দৈনিক পুর্বাশার প্রতিনিধি হাবিবুর রহমান মুন্না, এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, এসএ টিভির ক্যামেরাম্যান মো. বাপ্পি। এ ঘটনায় পেশাদার সাংবাদিক এবং সচেতন মহলের নিন্দার ঝড় উঠেছে। এদিকে হামলাকারীর ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
পুলিশ এবং ভুক্তভোগী সাংবাদিকরা জানায়, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং তার বাবা প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বুধবার বিকেলে ছাত্র জনতার ব্যানারে মিছিলটি উপজেলা সদরে আল্লাহু চত্ত্বরে পৌঁছলে বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পেশাগত দায়িত্ব পালনের সময় কায়কোবাদ সমর্থকরা সাংবাদিকদের উপর হামলা চালায়।
হামলার শিকার খোলা কাগজের সাংবাদিক শাহ ইমরান বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় কায়কোবাদ সমর্থকরা আমাদেরকে টার্গেট করে হামলা চালিয়েছে।
আহত সাংবাদিক হাবিবুর রহমান মুন্না বলেন, আমরা হামলার ছবি এবং ফুটেজ সংগ্রহ করার কারণে তারা আমাদের উপর হামলা চালায়। আমরা এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা কাপুরুষের কাজ। সাংবাদিকরা কোনো পক্ষ নয়, কেন তাদের উপর হামলা করা হলো? এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এ বিষয়ে কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক বলেন, গণমাধ্যম কর্মীদের উপর হামলা কোনভাবেই কাম্য নয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করছি।
মুরাদনগর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, কায়কোবাদ সমর্থকরা হামলায় জড়িত নয়। সাংবাদিকদের উপর হামলায় জড়িতরা যেই হোক আইনগত ব্যবস্থা নিলে আমাদের কোন আপত্তি নেই। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা দরকার।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, সাংবাদিকদের উপর হামলার বিষয়টি আমরা অবগত হয়েছি। হামলাকারীদের ছবি এবং ভিডিও আমাদের হাতে এসেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply