কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৯০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (২২ আগস্ট) ভোরে অভিযান পরিচালনা করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
ভোর আনুমানিক ৩টা ৫০ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপুর নামক স্থানে সন্দেহজনক তৎপরতা দেখতে পেয়ে অভিযান চালানো হয়।
অভিযানে ঘটনাস্থল থেকে ৯০ কেজি গাঁজা জব্দ করা হয়। বিজিবির দাবি, জব্দ করা গাঁজা ভারত থেকে চোরাইপথে বাংলাদেশে আনা হয়েছিল।
বিজিবি জানিয়েছে, জব্দ করা গাঁজা বিধি মোতাবেক পরবর্তী সময়ে ধ্বংস করা হবে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
Leave a Reply