নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লার পুলিশ সুপারকে প্রত্যাহারের ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ দল অভিযান চালিয়ে কুমিল্লা ও বাগেরহাট থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি কম্পিউটার ও কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা মহানগরীর শ্রীমন্তপুর এলাকার বাবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন পারভেজ (৩২) এবং বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা গ্রামের মো. ইশারত শেখের মেয়ে সোনিয়া আক্তার (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি কুমিল্লার পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে—এমন একটি ভুয়া সরকারি বিজ্ঞপ্তি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। বিষয়টি নজরে আসার পর জেলা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। জব্দকৃত কম্পিউটার ও মোবাইল ফোনের তথ্য-উপাত্ত পরীক্ষা করে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। একই সঙ্গে গুজব ও ভুয়া তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
Leave a Reply