কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ মে দিনব্যাপী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ অভিযানের অংশ হিসেবে আমাগন্ডা বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রামের সপুয়া বাজার এলাকায় মো. ফাহাদ মিয়ার ফার্নিচার দোকানের পেছনের বাথরুম থেকে ১৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
এসময় অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে গাঁজা মজুদ রাখার অভিযোগে পলাতক আসামি চৌদ্দগ্রামের নোয়াপাড়া এলাকার কামাল মিয়ার ছেলে মো. ফাহাদ মিয়া (২৮) মিয়ার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়।
Leave a Reply