কুমিল্লা প্রতিনিধি :
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় ফায়ার সার্ভিস সদর দপ্তর আয়োজিত অনুষ্ঠানে বেলুন উড়িয়ে এ সপ্তাহের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিগণ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মুঃ রেজা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লার সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, গণপূর্ত বিভাগ, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হিরা, সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসনাত বাবুল।
উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকবৃন্দ অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।
অনুষ্ঠানের ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে জানানো হয়-
অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় জনগণের সচেতনতা বৃদ্ধি করাই এ সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য। বর্তমান সময়ে প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে দুর্ঘটনার ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আবাসিক এলাকায় অবৈধ কেমিক্যাল গোডাউন স্থাপন, অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ, ভবনের নকশা পরিবর্তন, অগ্নিনিরাপত্তা আইন অমান্য করা, নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার এবং অসচেতনতার কারণে দুর্ঘটনার সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে।
চলতি বছরের ১ জানুয়ারি হতে ২০ মে পর্যন্ত কুমিল্লা জেলায় ৩৯৭টি অগ্নিকান্ড, ১২২টি সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের মোট ১৭০টি দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম চালিয়েছে ফায়ার সার্ভিস। এসব দুর্ঘটনায় ৪৭ জন নিহত এবং ১৫৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময়ে অগ্নিদুর্ঘটনায় প্রায় ১১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকার ক্ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক কার্যক্রমের মাধ্যমে প্রায় ৪৬ কোটি ২২ লাখ ৪৭হাজার টাকার সম্পদ রক্ষা করা হয়েছে।
Leave a Reply