স্টাফ রিপোর্টার
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং দুটি যানবাহন জব্দ করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৪টা ৩০ মিনিট ও সকাল ৭টা ৪০ মিনিটে ফেনী জেলার সদর উপজেলার গীতাবাড়ি বিওপি এবং ফুলগাজী উপজেলার কমুয়া বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্তের ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামাল্লা এবং ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৈথরা এলাকায় মালিকবিহীন অবস্থায় দুটি যানবাহন ও বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply