কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসন, কুমিল্লা এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় আদর্শ সদর উপজেলার কাশিনাথপুর এলাকায় অবস্থিত মেসার্স নিউ সিলভার ব্রিকস-এর বিরুদ্ধে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়। পাশাপাশি ইটভাটাটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন মাশিয়াত আকতার, সহকারী কমিশনার (ভূমি) সদর, কুমিল্লা। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ। অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন কোতয়ালী মডেল থানা পুলিশের সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ ইটভাটার দৌরাত্ম্য রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Leave a Reply