কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা মূল্যের মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১১৭ বোতল ইস্কাফ সিরাপ, ২৪ কেজি গাঁজা ও ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিবিরবাজার ও বৌয়ারাবাজার বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালানো হয়। অভিযানে বিবিরবাজার স্থলবন্দর ও দক্ষিণ সূর্যনগর এলাকায় সীমান্তের আনুমানিক ৩০০ ও ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এসব মাদক জব্দ করা হয়।
অভিযানে জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা। আটক ব্যক্তিসহ জব্দ করা মাদকদ্রব্য কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে
Leave a Reply