কুমিল্লা প্রতিনিধি
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’। এ মূল প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা-২০২৬।
মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন ও আদর্শ সদর উপজেলা ভূমি অফিস ।
সকালে কুমিল্লা কালেক্টরেট স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে আদর্শ সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। পরে সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে জুম প্লাটফরমের মাধ্যমে কুমিল্লা জেলা থেকে সংযুক্ত হন অংশগ্রহণকারীরা।
র্যালি ও মেলার উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান।
আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রসাসক মোঃ মোস্তক মিয়া, কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামান,
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারন সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম মশিউজ্জামান, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, আদর্শ জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. আসিফুল হক,আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা মর্ডান হাই স্কুলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ হাসানসহ অন্যান্যরা।
জেলা প্রশাসক মু রেজা হাসান বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ভূমি সেবা এখন অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে অনেক সহজ ও জনবান্ধব হয়েছে। মেলার মূল লক্ষ্য হলো নাগরিকদের এ নতুন সেবার সঙ্গে পরিচিত করা এবং সরাসরি সেবা প্রদান করা। ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি বিষয়ক বিভিন্ন বিষয়ে সরাসরি তথ্য ও সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানের সভাপতি সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার বলেন, মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো- ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া। তিনদিনব্যাপী এ মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা পদ্ধতি সম্পর্কে জনগণকে ধারণা দেওয়া হবে এবং প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে।
তিনি আগামী ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন।
Leave a Reply